• ৫ই ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩শে মাঘ, ১৪৩২
  • ১৬ই শা'বান, ১৪৪৭
  • এখন সময়, রাত ৯:১৯

হাদিকে হত্যাচেষ্টাকারীরা ভারতে ঢুকলে গ্রেপ্তারের আহ্বান

অনলাইন ডেস্ক

বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজনরা যাতে ভারতে পালাতে না পারে, সে বিষয়ে ভারতের সহযোগিতা কামনা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তারা ভারতে প্রবেশ করলে দ্রুত গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানানো হয়েছে।

রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় তাঁর মাধ্যমে ভারত সরকারের কাছে এই আহ্বান জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান হাদির মাথায় গুলি করা হয়। তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, আসন্ন সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে শেখ হাসিনা তাঁর সমর্থকদের উসকানি দিচ্ছেন। ভারত তাঁকে এমন সুযোগ দেওয়ায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে বিচারের স্বার্থে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে দ্রুত প্রত্যর্পণের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারতে অবস্থান করে আওয়ামী লীগের সদস্যরা নির্বাচন বিঘ্নিত করতে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন ও সহায়তা দিচ্ছেন—এ বিষয়টি ভারতীয় হাইকমিশনারকে জানানো হয়েছে। এ ধরনের ‘ফ্যাসিস্ট সন্ত্রাসীদের’ অপরাধমূলক তৎপরতা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং তাদের যত দ্রুত সম্ভব বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত বাংলাদেশের জনগণের পাশে থাকবে এবং একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সহযোগিতা করবে। এ সময় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, তাঁর দেশ বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে এবং এ বিষয়ে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।