• ৬ই ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩শে মাঘ, ১৪৩২
  • ১৭ই শা'বান, ১৪৪৭
  • এখন সময়, রাত ১২:২৯

ইন্তেকাল করেছেন প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

অনলাইন ডেস্ক

চলে গেলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
এদিকে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এক শোকবার্তায় জানানো হয়,
‘আমাদের সবার প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আজ সকাল ৬টায় তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।’
দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে।
এর আগে সোমবার সন্ধ্যায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. জিয়াউল হক জানান, তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন এবং তিনি কার্যত লাইফ সাপোর্টে ছিলেন।
দীর্ঘদিন ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র ও চোখের নানা জটিলতায় ভুগছিলেন। নিজ বাসভবনে অবস্থানকালে তার শ্বাসকষ্ট, কাশি, জ্বর ও চরম শারীরিক দুর্বলতা দেখা দিলে গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার দ্রুত অবনতি হলে ২৭ নভেম্বর তাকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়।
বাংলাদেশের রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত খালেদা জিয়া ২০২১ সালের মে মাসে করোনায় আক্রান্ত হয়েও গুরুতর শ্বাসকষ্টে ভুগেছিলেন। সে সময় তাকে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসা নিতে হয়। পরে ২০২৪ সালের জুনে তার হৃদপিণ্ডে পেসমেকার বসানো হয়। আগে থেকেই তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ছিল এবং একটি রিং পরানো হয়েছিল। একই বছর বিদেশি চিকিৎসকদের মাধ্যমে তার লিভারের জটিল চিকিৎসাও সম্পন্ন করা হয়।
আওয়ামী লীগ সরকারের সময় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় আদালত তাকে কারাদণ্ড দেন। এরপর দীর্ঘদিন তিনি কারাগার ও হাসপাতালের বিশেষ ব্যবস্থায় চিকিৎসাধীন ছিলেন। অন্য একটি দুর্নীতি মামলাতেও তাকে সাজা দেওয়া হয়।
পরবর্তীতে নির্বাহী আদেশে বিশেষ শর্তে মুক্তি পেয়ে তিনি গুলশানের নিজ বাসভবনে অবস্থান করেন। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাষ্ট্রপতির নির্বাহী আদেশে তাকে সব দণ্ড থেকে সম্পূর্ণ মুক্তি দেওয়া হয়।