দুর্বৃত্তের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার রাতে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করা হয়।
এদিকে, ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি লেখেন,
‘আমাদের ভাই হাদি রওনা দিয়েছেন অনন্তের পথে। আবরার, আবু সাঈদদের মতো হাদি না থেকেও আরও বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে। ইউ ফেইলড টু কিল ওসমান হাদি!’
শরিফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবেও পরিচিত ছিলেন। গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।