• ৫ই ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩শে মাঘ, ১৪৩২
  • ১৬ই শা'বান, ১৪৪৭
  • এখন সময়, রাত ১০:৪৭

কনকনে শীতে জনজীবন স্থবির

অনলাইন ডেস্ক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা ও পার্শ্ববর্তী উপজেলা জেলায় এখন কনকনে শীত। শীতের দাপটে সাধারণ খেটে খাওয়া মানুষের জবুথবু অবস্থা। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির বাইরে বেড় হচ্ছে না। দিন মুজুর শ্রেণির মানুষ কাজে বের হতে না পেড়ে কষ্টকর জীবন যাপন করছে। রিক্সা ও ভ্যান শ্রমিকরাও যাত্রী অভাবে আর্থিক কষ্টে আছে। প্রচন্ড শীতে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের কষ্ট বেড়েছে। ইতোমধ্যে উপজেলা প্রশাসন পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে আড়াই হাজার কম্বল এবং আলহাজ্ব মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্ট ১১শ কম্বল দুস্থ ও শীতার্থদের মাঝে বিতরণ করেছে। পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার তেঁতুলিয়া আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করলেও গত ২ দিন যাবৎ সূর্য মেঘের আড়ালে লুকিয়ে থাকায় এবং হিমেল বাতাশ বইতে থাকায় শীতের তীব্রতা গরীব ও দুস্থ মানুষকে কাবু করে ফেলেছে। এ অঞ্চলের শীত কবলিত গরীব ও অসহায় মানুষকে রক্ষার জন্য জরুরী ভিত্তিতে শীতবস্ত্র সহায়তা প্রয়োজন।
এদিকে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমান আবহাওয়া গম, ভুট্টা ও সরিষা ক্ষেতের জন্য অনুকুল হলেও আলু ও বোরো বীজ তলার জন্য ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে। বর্তমান বৈরি আবহাওয়ায় প্রায় ২৫০ হেক্টর বোরো বীজ তলা এবং ৫ হাজার ৩ হেক্টর জমির আলু ক্ষেত ঝুকির মধ্যে পড়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হাসান জানান, বৈরি আবহাওয়া মোকাবেলায় কৃষকগণকে পলিথিন দিয়ে বোরো বীজ তলা ঢেকে রাখার এবং ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক ঔষধ আলু ক্ষেতে স্প্রে করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এ ব্যাপারে উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তাগণ সহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠে কৃষকদের পরামর্শ দিচ্ছেন।