স্টাপ রিপোর্টারঃ
সোমবার রাতে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। প্রচণ্ড শীতের মধ্যে হাজিপুর ইউনিয়নের কাটা পুকুর আবাসন, একান্নপুর হাফেজিয়া মাদ্রাসা এবং ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া মোড় ও জনগাঁও আবাসন এলাকায় দুই শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার তাছবীর হোসেন।
শীতের কষ্ট লাঘবে সরাসরি মানুষের ঘরে ঘরে গিয়ে কম্বল বিতরণ করায় তাৎক্ষণিকভাবে উপকৃত হন দরিদ্র, দুঃস্থ ও ছিন্নমূল মানুষরা। গভীর রাতে শীতের তীব্রতা উপেক্ষা করে প্রশাসনের এমন মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।
এ সময় হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভোমরাদহ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মজিদ এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন উপস্থিত থেকে এ কার্যক্রমে সহযোগিতা করেন। তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য উপজেলা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করেন।
উপজেলা নির্বাহী অফিসার তাছবীর হোসেন বলেন, শীত মৌসুমে কেউ যেন কষ্ট না পায়, সেই লক্ষ্যেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি জানান, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকাতেও দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।