• ৪ঠা আগস্ট, ২০২৬
  • ২০শে শ্রাবণ, ১৪৩৩
  • ২০শে সফর, ১৪৪৮
  • এখন সময়, রাত ৮:২৯

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব

অনলাইন ডেস্ক

জুলাই গণহত্যার দায়ে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার বিকেলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রধান উপদেষ্টার কাছে পাঁচজন মার্কিন আইনপ্রণেতার পাঠানো একটি চিঠির প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন। এর জবাবে প্রেস সচিব জানান, তিনি চিঠিটি দেখেননি এবং এ বিষয়ে তার জানা নেই। তবে আওয়ামী লীগ সম্পর্কে সরকারের অবস্থান সম্পূর্ণ স্পষ্ট বলে তিনি উল্লেখ করেন।

শফিকুল আলম বলেন, যেহেতু আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে বাদ দিয়েছে, সেহেতু আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে জুলাই গণহত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগসহ এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার একটি প্রজ্ঞাপন জারি করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়, সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশের আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Download This News Card