পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সেনগাঁও ইউনিয়নের সিন্দুন্যা গ্রামের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল খালেক(৫০) উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়কুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি সেনগাঁও ইউনিয়নের গোদাগাড়ী গুচ্ছগ্রামে বসবাস করতেন।
পরিবারের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে খাবার খেয়ে আব্দুল খালেক গোদাগাড়ী বাজারে যান। পরে রাতে তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরদিন বুধবার সকালে নামাজ শেষে কয়েকজন মুসল্লি সিন্দুন্যা গ্রামের একটি আমবাগানের ভেতর আমগাছের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আব্দুল খালেকের বলে শনাক্ত করেন।
নিহতের স্ত্রী আমিনা খাতুন জানান, পারিবারিক একটি মামলায় আমার স্বামী ছয় মাস জেল খেটে জামিনে মুক্তি পান। ঘটনার আগের দিন মঙ্গলবার তিনি তিন ব্যক্তির সঙ্গে একটি চুক্তিপত্র নিয়ে কথা বলছিলেন। ওই সময় টাকা পরিশোধের বিষয়ে কথা হলে তিনি টাকা দিতে পারবেন না বলে জানান। পরে ওই ব্যক্তিরা তাকে বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলেন।
পরিবারের দাবি, সংসারে অভাব-অনটনসহ বিভিন্ন কারণে কিছুদিন ধরে আব্দুল খালেক মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানায় পুলিশ।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে পুলিশ তদন্ত করছে।