ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ও জামালপুর ইউনিয়নে গ্রাম আদালতকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে কমিউনিটি মতবিনিময় সভা ও সচেতনতা বৃদ্ধিমূলক ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মাছুড়য় পাড়া এবং জামালপুর ইউনিয়নের ভগদগাজী বাজারে পৃথকভাবে এসব কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিওচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সাধারণ জনগণকে গ্রাম আদালতের কার্যকারিতা ও সুবিধা সম্পর্কে অবহিত করা হয়। স্থানীয় পর্যায়ে সৃষ্ট বিভিন্ন বিরোধ কীভাবে সহজে, দ্রুত ও স্বল্প খরচে গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা যায়, সে বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
এ সময় গ্রাম আদালত সম্পর্কে সাধারণ ধারণা, এর বিচারিক ক্ষমতা, বিচারপ্রার্থীদের জন্য সুযোগ-সুবিধা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গ্রাম আদালতের কার্যক্রম ও ইতিবাচক প্রভাব তুলে ধরে সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, ইউপি সদস্য এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী তাহমিনা ইয়াসমিন বক্তব্য দেন।
দুই ইউনিয়নে আয়োজিত এসব মতবিনিময় সভা ও ভিডিওচিত্র প্রদর্শনীতে স্থানীয় প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে গ্রাম আদালত বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।