• ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
  • এখন সময়, রাত ১:২১

দেবীগঞ্জে গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক ত্রৈমাসিক সমন্বয় সভা

অনলাইন ডেস্ক

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক।
সভায় গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী অগ্নিশিখা স্বাগত বক্তব্য দেন। এছাড়া ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট মোট ১১ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের মামলার অগ্রগতি, গ্রাম আদালত পরিচালনায় বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ, অর্জিত অভিজ্ঞতা ও শিক্ষণীয় বিষয়, সংশ্লিষ্টদের দায়িত্ব ও কর্তব্য এবং উপজেলা পর্যায়ে গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার পাওয়ার পথ সহজ করার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে ‘বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হলো স্থানীয়ভাবে সহজে, কম খরচে, দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় ন্যায়বিচার পাওয়ার সুযোগ সৃষ্টি করা। একই সঙ্গে তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের ন্যায়বিচার প্রাপ্তির সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সভায় গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীলভাবে কাজ করার পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে জনগণের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

Download This News Card