পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গ্রাম আদালতকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা, সচেতনতামূলক আলোচনা ও ভিডিও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টায় উপজেলার ১ নম্বর ভোমরাদহ ইউনিয়ন পরিষদের সেনুয়া বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সাধারণ মানুষকে গ্রাম আদালতের কার্যকারিতা ও সুবিধা সম্পর্কে অবহিত করা হয়। স্থানীয় বিরোধ সহজে, দ্রুত ও স্বল্প খরচে নিষ্পত্তির বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয় এবং গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
এ সময় গ্রাম আদালতের সাধারণ ধারণা, বিচারিক ক্ষমতা, বিচারপ্রার্থীদের সুবিধা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গ্রাম আদালতের ইতিবাচক প্রভাব ও বিভিন্ন সফলতার চিত্র ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ১ নম্বর ভোমরাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মজিদসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন। তারা গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন।
চেয়ারম্যান মো. আব্দুল মজিদ বলেন, স্থানীয়ভাবে সৃষ্ট বিভিন্ন বিরোধ গ্রাম আদালতের মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করা হবে। তিনি সাধারণ মানুষকে ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান।
ভিডিও প্রদর্শনী শেষে প্রদর্শিত ভিডিওর ওপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন চেয়ারম্যান মো. আব্দুল মজিদ।