পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পাড়িয়া এলাকায় মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে প্রতিবাদ ও সতর্ক করার ঘটনাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। শনিবার রাত আনুমানিক ১০টার দিকে সংঘটিত এ ঘটনায় রনি নামের এক ব্যক্তি গুরুতর আহতসহ আরও কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও মাদক সেবন নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছিল। এ বিষয়ে কিছু ব্যক্তি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সতর্ক করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরই জের ধরে সাকিব নামের এক ব্যক্তি ও তার সহযোগীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ধারালো অস্ত্র ব্যবহার করলে রনি নামের এক ব্যক্তির মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এছাড়াও হামলার সময় আরও কয়েকজন আহত হন। ঘটনার খবর পেয়ে স্থানীয় জনতা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, মাদককে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন সময় অপ্রীতিকর ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তারা মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। হামলার প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তারা।
এদিকে, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে আগামীকাল রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। আয়োজকরা সকল সচেতন নাগরিককে এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।