• ৩০শে জুলাই, ২০২৬
  • ১৫ই শ্রাবণ, ১৪৩৩
  • ১৫ই সফর, ১৪৪৮
  • এখন সময়, সকাল ৬:১১

পীরগঞ্জে কারেন্ট জাল বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক


পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নসিবগঞ্জ বাজারে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তারের নেতৃত্বে নসিবগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আলী আকবর ও মুসলিম উদ্দিনের কাছ থেকে নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে পুলিশ তাদের আটক করে।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযুক্তরা অপরাধ স্বীকার করায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন—পার্শ্ববর্তী রানীশংকৈল উপজেলার বিষ্ণুপুর গ্রামের নুরু ইসলামের ছেলে আলী আকবর এবং পীরগঞ্জ উপজেলার তাজপুর গ্রামের কলিম উদ্দিনের ছেলে মুসলিম উদ্দিন।
উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, “কারেন্ট জাল ও রিং জাল ব্যবহার এবং বিক্রি আইনত নিষিদ্ধ। কেউ এ ধরনের জাল ব্যবহার বা বিক্রি করলে তার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Download This News Card