• ৩রা আগস্ট, ২০২৬
  • ১৯শে শ্রাবণ, ১৪৩৩
  • ১৯শে সফর, ১৪৪৮
  • এখন সময়, দুপুর ১২:১৬

পীরগঞ্জে মাদক ও সাজাপ্রাপ্ত আসামি সহ ৫ জন আটক

অনলাইন ডেস্ক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৃথক অভিযানে ২৫০ গ্রাম গাঁজা ও ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযানে বিভিন্ন মামলার দুই সাজাপ্রাপ্ত আসামিকেও আটক করা হয়েছে।

রবিবার (৭ জুন) ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপারের নির্দেশনায় পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামাণিকের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বথপালিগাঁও এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম অবৈধ শুকনা গাঁজাসহ জামিরুল ইসলাম (৩৫) ও লুৎফর রহমানকে (৩২) গ্রেফতার করা হয়। এ ঘটনায় পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে পীরগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে শফিকুল ইসলাম (২৩) নামে এক যুবকের কাছ থেকে ৩ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায়ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।

এছাড়া অভিযানের সময় বিভিন্ন মামলার দুই সাজাপ্রাপ্ত আসামি বকুল হোসেন ও ফরিদ হোসেনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে বকুল হোসেনের বিরুদ্ধে দুই বছরের সাজা এবং ৪ হাজার টাকা অর্থদণ্ডের পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, “মাদকবিরোধী অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া দুইজন সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিকেও আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, মাদক ও অপরাধ দমনে পীরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Download This News Card