• ৩০শে জুলাই, ২০২৬
  • ১৫ই শ্রাবণ, ১৪৩৩
  • ১৫ই সফর, ১৪৪৮
  • এখন সময়, সকাল ৬:১২

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুয়া সেলফি পোস্ট, সমালোচনার মুখে পীরগঞ্জের ছাত্রদল নেতা

অনলাইন ডেস্ক

পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির  চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিজের একটি সম্পাদনা করা (এডিটেড) ছবি প্রকাশ করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এক ছাত্রদল নেতা। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ডি এন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও উপজেলা সাইবার ফোর্সের যুগ্ম আহ্বায়ক পলক উজ্জামান রনি ছবি নিয়ে এই বিতর্কের জন্ম দেন।
খোঁজ নিয়ে জানা যায়, প্রচারিত ছবিটিতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে আসল ছবিতে ছিলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া। গত ১৮ জুলাই (শনিবার) বিকেলে গুলশান কার্যালয়ে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সাংগঠনিক সভা শেষে তারেক রহমানের সঙ্গে ওই সেলফিটি তোলেন জিয়াউল ইসলাম। পরে তিনি সেটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন।
পরবর্তীকালে ছাত্রদল নেতা পলক উজ্জামান রনি মূল ছবি থেকে জিয়াউল ইসলাম জিয়ার মুখমণ্ডল সরিয়ে নিজের ছবি বসিয়ে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ছবিটির সত্যতা নিয়ে সন্দেহ দেখা দিলে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ ফেসবুকে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
সমালোচনার জবাবে ফেসবুকে এক মন্তব্যে পলক উজ্জামান রনি দাবি করেন, তিনি কেবল জিয়াউল ইসলামের ছবিটি সরিয়ে নিজেরটি বসিয়েছেন; সেখানে অন্য কেউ থাকলেও তিনি তা-ই করতেন। যারা রাজনীতি ভালো বোঝেন না, তাদের এ নিয়ে কথা না বলারও পরামর্শ দেন তিনি।
বিষয়টি নিয়ে পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন সৈকত বলেন, “বর্তমানে উপজেলায় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি না থাকায় অভিযুক্ত নেতার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া গেছে।” একই সঙ্গে তিনি ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের বিভ্রান্তিকর ও ভুয়া ছবি প্রচার করা থেকে বিরত থাকার আহ্বান জানান।
ঘটনার বিষয়ে ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি কায়েসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, ইতিপূর্বে সামাজিক যোগাযোগমাধ্যমে একই কায়দায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদনা করা ভুয়া ছবি প্রচারের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াদ আহমেদ রাজকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল।

Download This News Card