• ৩০শে জুলাই, ২০২৬
  • ১৫ই শ্রাবণ, ১৪৩৩
  • ১৫ই সফর, ১৪৪৮
  • এখন সময়, সকাল ৬:১১

পীরগঞ্জে খামারিদের দক্ষতা উন্নয়নে আকিজ ফিডের সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গবাদিপশু ও পোলট্রি খামারিদের দক্ষতা বৃদ্ধি, উৎপাদনশীলতা উন্নয়ন এবং আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আকিজ ফিডের উদ্যোগে এক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় পীরগঞ্জ পৌরসভার স্টেশন রোডে বণিক সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় জান্নাত সাদিক ট্রেডার্সের আয়োজনে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গবাদিপশু ও পোলট্রি খামারিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সেমিনারে আকিজ ফিডের দিনাজপুর রিজিওনের রিজিওনাল ইনচার্জ (RIC) আসিফ হাসান, অফিসার (টেকনিক্যাল) ডা. মো. সাহেকুর রহমান শাইখ এবং অফিসার (কোর সেলস) মো. মাহবুব আলম (ঠাকুরগাঁও-পঞ্চগড়) খামারিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, লাভজনক খামার গড়ে তুলতে শুধু উন্নতমানের খাদ্য ব্যবহার করলেই হবে না, এর পাশাপাশি সঠিক ব্যবস্থাপনা, সময়মতো ভ্যাকসিন প্রয়োগ, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে খামার পরিচালনার বিকল্প নেই। তাঁরা হাঁস-মুরগির বাচ্চার সঠিক ব্রুডিং ব্যবস্থাপনা, পুষ্টিকর খাদ্য প্রদান, রোগ প্রতিরোধ, হিট স্ট্রোক মোকাবিলা, জৈব নিরাপত্তা (বায়োসিকিউরিটি) নিশ্চিতকরণ এবং উৎপাদন ব্যয় কমিয়ে অধিক লাভ অর্জনের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সেমিনারে উপস্থিত খামারিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আকিজ ফিডের বিশেষজ্ঞরা। এ সময় তাঁরা খামার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা, রোগবালাই প্রতিরোধ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এতে অংশগ্রহণকারী খামারিরা সরাসরি বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, প্রভাষক দেলোয়ার হোসেন জুয়েল, এনপিবি নিউজের পীরগঞ্জ প্রতিনিধি লাতিফুর রহমান লিমন, জান্নাত সাদিক ট্রেডার্সের স্বত্বাধিকারী আমজাদ হোসেন লিটন এবং সাজ্জাদ হোসেন লিমন।

এ ছাড়া তরুণ খামারি আব্দুল্লাহ আল মামুন জয়, ব্রয়লার ও সোনালি খামারি গোলাপ, লেয়ার ও ব্রয়লার খামারি জয়নালসহ উপজেলার বিভিন্ন এলাকার অসংখ্য খামারি সেমিনারে অংশ নেন।

সেমিনারের সমাপনী পর্বে আয়োজকরা জানান, খামারিদের আধুনিক প্রযুক্তিনির্ভর ও টেকসই খামার ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ করতে আকিজ ফিড নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ, সেমিনার ও পরামর্শমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ ও লাভজনক প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

Download This News Card