• ৩০শে জুলাই, ২০২৬
  • ১৫ই শ্রাবণ, ১৪৩৩
  • ১৫ই সফর, ১৪৪৮
  • এখন সময়, সকাল ৬:১১

স্কুলে না গেলে মাদক ও সামাজিক অপরাধ বাড়বে: ঠাকুরগাঁওয়ের ডিসি

অনলাইন ডেস্ক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে না পাঠালে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রফিকুল হক। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের সন্তানরা যদি স্কুলে না যায়, তাহলে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ বেড়ে যাবে। তাই সন্তানকে অবশ্যই বিদ্যালয়ে পাঠাবেন এবং সে নিয়মিত পড়াশোনা করছে কি না, সেদিকে নজর রাখবেন। শিক্ষা থেকে বঞ্চিত হলে শিশুরা সহজেই বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়তে পারে।”
আজ সোমবার পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। বাল্যবিবাহ, যৌতুক, মাদক, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, ইভটিজিং, শিশুশ্রম, আত্মহত্যা ও অপমৃত্যু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
মাদক চোরাচালান ও সেবন প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, “মাদক একটি আন্তর্জাতিক সমস্যা। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করতে পারলে তারা মাদক ও অন্যান্য সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে।”
মাদক ব্যবসায়ীদের জামিনে মুক্তি পাওয়া সংক্রান্ত স্থানীয় অভিভাবকদের এক অভিযোগের জবাবে ডিসি বলেন, “অনেক অভিভাবক অভিযোগ করেন, মাদক ব্যবসায়ীরা গ্রেপ্তারের পর অল্প সময়েই জামিনে বেরিয়ে আসে। বিচার বিভাগের বিষয়ে মন্তব্য করা সমীচীন নয়। তবে সরকার মাদক-সংক্রান্ত আইন আরও কার্যকর করার লক্ষ্যে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে।”
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম রব্বানী সরকারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. এন. ইশফাকুল কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক এবং হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াছমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন।
সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ, মাদকাসক্তি, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, ইভটিজিং ও শিশুশ্রমের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ জরুরি। সচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ এবং নৈতিক শিক্ষার মাধ্যমেই কেবল একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
মোঃ লাতিফুর রহমান
মোবাইল নং 01625265230

Download This News Card